জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত এক যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
হাসপাতালের করোনাভাইরাস রোগীদের চিকিৎসার জন্য স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত নন; তিনি হাঁপানির রোগী ছিলেন।
মৃত ওই যুবকের বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার নবীনগর গ্রামে।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে যুবককে হাসপাতালের করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।
‘জ্বর ও শ্বাসকষ্ট’ থাকার কারণে হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
তিনি জানান, করোনাভাইরাস আতঙ্কে স্বজনরা তাকে হাসপাতালে আনেন। তবে তার করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। তিনি হাঁপানির রোগী; সঙ্গে জ্বর হয়েছিল।
এ চিকিৎসক জানান, বিদেশফেরত কোনো ব্যক্তির সংস্পর্শে বা সম্প্রতি বিদেশ ভ্রমণের কোনো ইতিহাসও ছিল না এই যুবকের। রাতেই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
