মুন্সিগঞ্জে সর্দি-কাশি ও জ্বরে আক্রান্তের সেবায় চিকিৎসা ক্যাম্প

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০৬:০১ পিএম

করোনা মোকাবিলায় সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত রোগীদের সেবায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে বিনা মূল্যে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্প চালু করা হয়েছে।

 বুধবার উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদী গ্রামে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল করিমের অর্থায়নে বিনা মূল্যে এ চিকিৎসা ক্যাম্প চালু করা হয়। সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনা মূল্যে ওষুধও বিতরণ করা হচ্ছে।

একই সঙ্গে ইউনিয়নের প্রতিটি বাড়ি-ঘরে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান হাজী  আব্দুল করিমের সভাপতিত্বে চিকিৎসা ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান, সিরাজদিখান থানার ওসি মো. ফরিদউদ্দিন, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ডা. আবু তাহের, মধ্যপাড়া ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান প্রমুখ।

মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম জানান, বুধবার ইউনিয়নের বাড়ি বাড়ি ঘুরে ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্পে নিয়োজিত চিকিৎসকেরা ঠান্ডা, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। সারা দিনে এক হাজারের বেশি রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনা মূল্যে ওষুধও দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীদের দ্বারা এ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত