চিকিৎসাকর্মীদের সুরক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাচিত হাসপাতালগুলোর জন্য ৫০ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও ১০ হাজার টেস্টিং কিট দেবে গ্রামীণফোন।
বুধবার দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। গ্রামীণফোনের পক্ষ থেকে নিজ দায়িত্বে এসব সরঞ্জাম হাসপাতালগুলোতে পৌঁছে দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেল করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার কাজে নিয়োজিত ডাক্তার ও নার্সদের জন্য ৫০ হাজার মেডিকেল গ্রেড মানসম্পন্ন পেশাদার পিপিই (সম্পূর্ণ প্রতিরোধমূলক পোশাক, এন৯৫ মাস্ক, গ্লাভস ও গগলস) এবং ১০ হাজার পিসিআর টেস্টিং কিট দেওয়া হবে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে আসা গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোনো দেশই এই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিল না।
এই মহামারি মোকাবিলায় সরকারি–বেসরকারি সবাইকে এগিয়ে এসে এক সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় এই জরুরি পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ জানান, আমাদের সঙ্গে পরামর্শ করেই গ্রামীণফোন কোভিড-১৯ রোগীদের চিকিৎসা প্রদানের লক্ষ্যে যারা সামনে থেকে কাজ করছেন তাদের সুরক্ষার জন্য (পিপিই) ও পিসিআর টেস্টিং কিট সরবরাহ করার উদ্যোগ নিয়েছে।
এই দুঃসময়ে সরকারকে সহায়তা করার ক্ষেত্রে গ্রামীণফোনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
