স্বাস্থ্যবিধি না মেনে বাজারে ভিড় করে কেনাকাটা

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০৭:৪৯ পিএম

করোনাভাইরাস সংক্রমণরোধে সক্রিয় নয় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। খোঁজ নিয়ে দেখা গেছে পৌরসভাসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান জনশূন্য থাকলেও গ্রাম এলাকার বাজারগুলিতে জনসমাগম না এড়িয়ে ভিড় জমিয়ে কেনাকাটা করছে।

উপজেলার সর্বত্র উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী নিয়মিত টহল এবং বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে এলাকায় একাধিকবার মাইকিং ও জনসচেতনতামূলক প্রচারণা চলেছে মানুষকে ঘরে থাকার জন্য।  সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে যখন টহল চলে তখন মানুষ রাস্তাঘাট বাজার ছেড়ে চলে গেলেও পরক্ষনেই লোকালয়ে আসছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ১টি পৌরসভা এবং ১৪ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের সকল সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপরও কোন কোন এলাকায় ব্যাপক লোকসমাগম ঘটিয়ে হাট বাজার বসছে বলে জানা গেছে।

বুধবার উপজেলা সদরসহ হাটুভাঙ্গা, বাঁশতৈল, দুল্যা বেগম, কুতুববাজার, বাবুবাজার ঘুরে দেখা গেছে মানুষ ভিড় জমিয়ে কেনাকাটা করছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, বুধবার উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা এবং আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গাতে সাপ্তাহিক হাট বসার প্রস্তুতি নিচ্ছিল। দুটি হাটই ভেঙে দেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মানুষ কিনবে, তবে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত