করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সবকিছু বন্ধ থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনমজুর হতদরিদ্র ৫০ হাজার পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছে বসুন্ধরা ও রংধনু গ্রুপ।
এর অংশ হিসেবে বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে প্রায় ১০ হাজার পরিবারকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল বাশার টুকু, ইউপি সদস্য মোশারফ হোসেন হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আব্দুল আউয়াল প্রমুখ।
রফিকুল ইসলাম রফিক বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশক্রমে সারা রূপগঞ্জের ৫০ হাজার দুস্থ পরিবারে প্রায় দুই লাখ লোকের খাদ্য সামগ্রী আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এরই ধারাবাহিকতায় কায়েতপাড়ায় প্রায় ১০ হাজার লোকের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। এসব প্যাকেটে চাল, ডাল, তেল, আটা, আলু, সাবান, মাস্ক রয়েছে।
তিনি আরও বলেন, আমি রংধনু গ্রুপের চেয়ারম্যান হিসেবে আরও ২৫ হাজার লোকের খাদ্য সামগ্রী রূপগঞ্জে বিতরণ করছি।
