ইটের গুঁড়া, পশুখাদ্য দিয়ে তৈরি হতো ‘খাঁটি’ হলুদ গুঁড়া

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০১:০২ এএম

ইটের গুঁড়া, পশুখাদ্য ও নিম্নমানের হলুদ দিয়ে তৈরি করা হতো ‘খাঁটি হলুদের গুঁড়া’। সেই ভেজাল হলুদ প্রায় এক যুগের বেশি সময় ধরে বগুড়া, শিবগঞ্জসহ আশপাশের এলাকায় বিক্রি করছেন শুকুর আলী নামের এক কারবারি। বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথুলী বাজার এলাকার একটি কারখানায় এ ঘটনা ঘটেছে দীর্ঘদিন। কিন্তু অনেকেই তা জানত না।

এর মধ্যে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে সবাই যখন আতঙ্কিত, তখনো বসে থাকেননি ওই কারবারি। গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবীরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে দেখতে পায় ইটের গুঁড়া, পশুখাদ্য ও নিম্নমানের হলুদ দিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল হলুদের গুঁড়া।

পরে আদালতের সঙ্গে থাকা পুলিশ সেখান থেকে দুই শ্রমিক পুটু মিয়া (৩৮) ও মামুনুর রশিদকে (২০) আটক করে। ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ওই দুজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়। এ ছাড়া ভেজাল হলুদ গুঁড়া তৈরির কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। তবে ঘটনার সংবাদ শুনে কারখানার মালিক শুকুর আলী পালিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত