করোনায় আক্রান্ত ছিলেন না মারা যাওয়া রিকশাচালক

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০১:২০ এএম

ঢাকার নবাবগঞ্জে সর্দিজ¦র ও কাশি নিয়ে মারা যাওয়া সেই রিকশাচালক (৫৮) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। তবে তাকে দাফন করা হয়েছে সরকারের নির্ধারিত রাজধানীর খিলগাঁও তালতলা কবরস্থানে করোনাভাইরাসের সংক্রমণে মারা যাওয়া এক ব্যক্তির কবরের পাশে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করে এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল বুধবার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষায় ধরা পড়েছে, নিউমোনিয়ায় ফুসফুস মারাত্মকভাবে ক্ষতি হলে তার মৃত্যু হয়েছে।

ওই রিকশাচালকের পরিবার, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ সূত্রে জানা গেছে, দুদিন ধরে নবাবগঞ্জের ওই রিকশাচালক সর্দিজ¦র ও কাশিতে ভুগছিলেন। গত সোমবার থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে সোমবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই রিকশাচালককে আনেন তার স্বজনরা। তার মুমূর্ষু অবস্থা দেখে উপজেলা স্বাস্থ্য বিভাগ তাকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে নিতে বলে। সেখানে আইসোলেশনে থাকা অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। পরে করোনাভাইরাস উপসর্গ ভেবে নমুনা পরীক্ষা করা হলে জানা যায় তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।

ওই রিকশাচালকের ছেলে বলেন, ‘বাবা অনেক অসুস্থ হয়ে পড়লে তাকে নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। হাসপাতাল কর্র্তৃপক্ষ বাবাকে নিতে বলে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম বলেন, গত সোমবার সকালে ওই রোগীর স্বজনরা তাকে সর্দিজ¦রে আক্রান্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার মুমূর্ষু অবস্থা দেখে আমরা তাকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে রেফার্ড করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত