নওগাঁয় পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১০:১০ এএম

ন‌ওগাঁর আত্রাই ও পত্নীতলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে দুই উপজেলার পৃথক স্থানে এই ঘটনা ঘটে।নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- হত্যাসহ একাধিক মামলার আসামি সর্বহারা- সন্ত্রাসী মিনহাজুল ইসলাম ও ১২ মাদক মামলাসহ একাধিক আসামি জাহিদুল ইসলাম।

নওগাঁ পুলিশ সুপার আবদুল মান্নান জানান, আত্রাই উপজেলায় মিনহাজুল ইসলাম সিকদারকে গ্রেপ্তারের পর উপজেলার তিলাবাদুরী গ্রামে ভোরে অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ।

এসময় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চারটি গুলি উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসার সময় তার সহযোগীরা পুলিশের উপর গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়।

গোলাগুলিতে ঘটনাস্থলে মিনহাজুল ইসলাম সিকদার নিহত হন। এ সময় পুলিশের এক সদস্য আহত হয়।

অপরদিকে পত্নীতলার দিবরদিঘী এলাকায় জাহিদুল ইসলামকে নিয়ে পুলিশ ভোরে মাদক উদ্ধার করতে গেলে তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়।

পুলিশও পাল্টা গুলি চালালে জাহিদুল ইসলাম আহত  হন। তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার জানান, পৃথক ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত