জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর রেজাউল করিম (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ ঘটনায় একই এলাকার কামানখোলা গ্রামের মৃতের নিজবাড়ির ১৫টি পরিবারকে লকডাউনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
নিহত রেজাউল জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তির পর মারা যান।
এর আগেও তিনি অসুস্থ ছিলেন বলে জানা যায়।
সিভিল সার্জন ডা. আবদুল গফফার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বিকেলে একজন ভদ্রলোক হাসপাতালের জরুরি বিভাগে এসেছিলেন শ্বাসকষ্ট নিয়ে। রাত দুইটায় তিনি মৃত্যুবরণ করেন। উনার বাড়ী দালালবাজারে। উনার ছেলে ও প্রতিবেশীরা ইতালিতে থাকেন। এর মধ্যে দুই প্রতিবেশী ইতালি থেকে এসেছেন, বাড়ির পাশে মসজিদে তিনি নিয়মিত নামাজ পড়তেন।
সিভিল সার্জন বলেন, দুএকদিন আগে থেকে উনার জ্বর-সর্দির পাশাপাশি শ্বাসকষ্টে আক্রান্ত হন। নিয়মিত ওষুধ খাওয়ার পরও তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে আসেন। আমরা মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছি এবং উনাকে ইসলামী নিয়মানুযায়ী যথেষ্ট নিরাপত্তার সাথে দাফনের ব্যবস্থা করেছি। আমরা ঐ ভদ্রলোকের আশপাশের ১৫ পরিবারকে লকডাউনে রেখেছি।
