করোনাভাইরাসের এই মহামারির সময়ে অসহায়, দরিদ্রদের সাহায্যার্থে এগিয়ে এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিসিবির চুক্তিবদ্ধ ও শেষ তিন মাসে জাতীয় দলে খেলেছেন এমন তারকারা সরকারের তহবিলে এক মাসের বেতনের অর্ধেক দেওয়ার সিদ্ধান্ত নেন। এবার বিসিবির চুক্তিবদ্ধ প্রথম শ্রেণির ক্রিকেটাররাও এগিয়ে এলেন।
বিসিবির প্রথম শ্রেণির চুক্তিতে রয়েছেন ৯১ ক্রিকেটার। তারা প্রত্যেকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- কোয়াবের তহবিলে এক মাসের বেতনের অর্ধেক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে কোয়াব।
কোয়াব প্রেরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সকলেই অবগত যে, দেশব্যাপী করোনায় বিপর্যস্ত অসহায় মানুষের সহায়তায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বর্তমান ও সাবেক সকল ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও শুভানুধ্যায়ীদের সহায়তা নিয়ে আর্থিক তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের চুক্তিবদ্ধ ৯১ প্রথম শ্রেণির ক্রিকেটার তাদের মাসিক (এক মাস) বেতনের অর্ধেক কোয়াবের সহায়তা তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।’
ক্রিকেটারদের এই মহানুভবতার প্রশংসা করেছে কোয়াব, ‘দেশের এই ক্রান্তিকালে প্রথম শ্রেণির ক্রিকেটাররা যে মানবিকতা, দায়িত্ববোধ, ও সচেতনতার পরিচয় দিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। ক্রিকেটারদের সংগঠন হিসেবে তাদের এই গুরুত্ববহ সিদ্ধান্তের প্রতি সম্মান জানাচ্ছি।’
