ফিলিপাইন সরকার করোনাভাইরাসের মহামারী ঠেকাতে লুজোন দ্বীপে এক মাসের জন্য লকডাউন জারি করেছে। কেউ লকডাউন অমান্য করলে দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তাকে গুলি করে মেরে ফেলার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে এএফপি।
ভাষণে দুতার্তে বলেন, ‘এ হুঁশিয়ারি সবার জন্য। এই মুহূর্তে সরকারের নির্দেশ অনুসরণ করুন কারণ এটা গুরুত্বপূর্ণ বলেই আমরা নির্দেশ দিয়েছি’। আর স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের কোনো ক্ষতি করবেন না, কারণ এটা মারাত্মক অপরাধ। পুলিশ ও সেনাবাহিনীর প্রতি আমার নির্দেশ, যদি কেউ সমস্যা তৈরি করে আর তাদের জীবন ঝুঁকিতে পড়ে তাহলে তাদের গুলি করে মেরে ফেলুন।’ লকডাউন আরোপের দুই সপ্তাহের মধ্যে কোনো খাবার না পেয়ে রাজধানী ম্যানিলার বাইরে এক বস্তির বাসিন্দারা বিক্ষোভ শুরু করে। এরপরই গত বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এমন হুঁশিয়ারি দিয়েছেন দুতার্তে।
লুজোন দ্বীপে করোনা মহামারী রোধে এক সপ্তাহের লকডাউন আরোপ করা হয়েছে সেখানে। দেশটির অন্যান্য এলাকায় একই ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। দুই সপ্তাহেরও বেশি সময় কোয়ারেন্টাইনে থাকার পরও খাবার ও অন্য ত্রাণ না পাওয়ায় বুধবার মহাসড়কে বিক্ষোভ করে ম্যানিলার বাইরের এক বস্তির বাসিন্দারা। স্থানীয় নিরাপত্তা বাহিনী তাদের ঘরে ফিরে যেতে বললেও তাতে অস্বীকৃতি জানায় তারা। পুলিশের তরফে জানানো হয়, ২০ জনকে গ্রেপ্তার করে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
