করোনাভাইরাস মোকাবিলায় দেশের সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন বলে মনে করে ২০ দলীয় জোটের অন্যতম শরিক এলডিপি। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ মন্তব্য করেন।
বিবৃতিতে তারা বলেন, সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে এবং ঘোষণা করছে তাতে দেশবাসী আশ্বস্ত হতে পারছে না। কারণ সরকারের কথা আর কাজে কোনো ধরনের সমন্বয় দেখা যাচ্ছে না। উপরন্তু শুরু থেকেই সরকার এ বিষয়ে চরম অবহেলার পরিচয় দিয়েছে বলেই করোনা সংক্রমণ রোধে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত আইইডিসিআর ছাড়া কোনো হাসপাতালকেই করোনা পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারেনি। এতে জনমনে আতঙ্ক আরও বেড়ে চলেছে।
বিবৃতিতে বলা হয়, এ মহামারী মোকাবিলায় দরকার সর্বদলীয় সবার উদ্যোগ। কিন্তু সরকারের পক্ষ থেকে সমাজের সব অংশকে একত্রিত করে যৌথ উদ্যোগ নেওয়ার কোনো আলামতই দেখা যাচ্ছে না, শুধু কথার ফুলঝুরি ছাড়া। সরকারের পক্ষ থেকে মুখে ঐক্যের কথা বলা হলেও, তাদের আচরণ প্রমাণ করছে তারা একলা চলো নীতিতেই বিশ্বাসী। বিবৃতিতে তারা বলেন, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কালক্ষেপণ, অদূরদর্শী ও অপ্রয়োজনীয় মন্তব্য মানুষের মধ্যে আরও বেশি আস্থাহীনতা তৈরি করছে।
