সাতক্ষীরায় জ্বর-শ্বাসকষ্টে কলেজছাত্রের মৃত্যু,এলাকায় আতঙ্ক

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১২:১৮ পিএম

সাতক্ষীরার নারায়নপুরে জ্বর, ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে এক  কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারায়নপুর গ্রামে নিজবাড়িতে তার মৃত্যু হয়।

এদিকে, কলেজছাত্রের মৃত্যুর পর এলাকাজুড়ে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তবে, স্বাস্থ্য বিভাগ বলছে, তার শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

ওই কলেজছাত্রের নাম হাসান আলী (২০)। তিনি সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারানপুর গ্রামের বাহারুল ইসলামের ছেলে। তিনি ঝাউডাঙ্গা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বল্লী ইউনিয়নের নারায়নপুর গ্রামের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ইরাদ আলী জানান, গত ৬/৭ দিন ধরে ওই তরুণ জ্বর, ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার মা রোজিনা খাতুন জানিয়েছেন, গায়ে জ্বর থাকায় তরুণ দুর্বল হয়ে পড়েন।

এতে তিনি তেমন খাওয়া-দাওয়া করতেন না। স্থানীয় গ্রাম্য ডাক্তার দেখিয়ে তাকে ওষুধ খাওয়ানো হয়।

একপর্যায়ে শুক্রবার ভোর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার মুখ দিয়ে রক্ত বের হয়।

ইউপি ইরাদ আলী আরও জানান, তার মৃত্যুর খবরে এলাকাজুড়ে করোনা আতঙ্ক বিরাজ করছে। তার পরিবারের সদস্যরা মরদেহ থেকে কিছুটা দূরে অবস্থান করছেন। ওই বাড়ির আশপাশেও এখন কেউ আসছেন না।

স্থানীয় গ্রাম পুলিশ দিয়ে বাড়িটি পাহারায় রাখা হয়েছে।

তবে, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শওকত  জানান, এ খবর পাওয়ার পর একটি মেডিকেল টিম সেখানে পাঠানো হয়েছিল। তারা তার শরীরে কোনো করোনাভাইরাসের লক্ষণ পাননি।

তিনি আরও জানান, তার পরিবারের সদস্যরা রাজি থাকলে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার দেহের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের কাছে পাঠানো হবে।

সম্প্রতি (১ এপ্রিল, বুধবার) এ ধরনের উপসর্গ নিয়ে কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের রাশিদা খাতুন শিল্পী নামের একগৃহবধূ মারা যান।

এদিকে, সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত আরও নতুন ৪৯ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে।

এ নিয়ে, এ পর্যন্ত মোট ২ হাজার ৮৯৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হোমকোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে আর্ও ৬৯৬ জনকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত