মানসিক দুশ্চিন্তা কমাতে ‘করোনা মারার গেম’

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১১:৩৫ পিএম

লকডাউনে ঘরে বসে থাকতে থাকতে মানসিক চাপ সৃষ্টি হচ্ছে অনেকের। এর মধ্যে আছে বিশ্বব্যাপী করোনাভাইরাসে হাজার হাজার মানুষের মৃত্যু ও লাখ লাখ মানুষের আক্রান্তের খবর। সবকিছু মিলিয়ে মানসিকভাবে হয়তো আপনি ভালো নেই।

এমন পরিস্থিতিতে ভারতের নাগরিকদের জন্য এসেছে ‘মোদি’ নামে একটি অনলাইন গেম। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে নামকরণ করা এই গেমের মাধ্যমে শত্রু করোনাকে মারা হবে।

ইন্ডিয়া টুডে জানায়, ভাগকরোনা ডটকম নামের একটি ওয়েবসাইট এই ২-ডি গেম এনেছে। যেখানে স্ক্রিনের ওপরের দিকে ঘুরে বেড়াবে একের পর এক ‘ভয়ংকর’ সব করোনাভাইরাস আর নিচে দাঁড়িয়ে রয়েছেন মোদি। তার ছবিতে ক্লিক করলেই এক ফোঁটা নীল রঙের হ্যান্ড স্যানিটাইজার মেরে ফেলবে ভাইরাস।

একের পর এক ভাইরাস মারতে থাকবেন। আর আপনার পয়েন্ট বাড়তে থাকবে। পেছনে আপনাকে উৎসাহ দেওয়ার জন্য ক্রমাগত ‘করোনা গো... করোনা গো’ স্লোগান চলবে।

এর মধ্যে আপনি যখন কোনো করোনাভাইরাস মারতে ব্যর্থ হবেন, সঙ্গে সঙ্গে একজন কেশে উঠবে। সেই সঙ্গে করোনাভাইরাস থেকে বাঁচতে কী করতে হবে, যেমন হাত ধুতে হবে, ঘরে থাকতে হবে, মুখোশ ব্যবহারের মতো বার্তা ফুটে উঠবে। তবে চিন্তা নেই ফের শুরু করতে পারবেন গেম। ফের মারতে পারবেন করোনাভাইরাস।

গেমটি বানিয়েছেন জামশেদপুরের দুই এমবিএ শিক্ষার্থী আকরাম তারিক খান ও অনুশ্রী ওয়ারাডে। লকডাউনের জন্য দুজনে দুটি আলাদা শহরে রয়েছেন এখন। ভিডিও চ্যাটে আলোচনা করে তারা এই গেম বানিয়েছেন বলে জানান। ১৮ মার্চ তারা এই গেম বানানোর পরিকল্পনা করেন, ২৬ মার্চ সেটি প্রকাশ্যে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত