করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে চলমান সামাজিক দূরত্ব মেনে চলার সরকারি নির্দেশ অমান্য করে কিশোরগঞ্জের ভৈরবে বিয়ের আয়োজন করায় বর ও কনে পক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা উপজেলার শিবপুর ইউনিয়নের ফাঁড়ি রঘুনাথপুর গ্রামের সোলেমান খান ও বগুড়ার সোনাতলা গ্রামের বর ডা. মো. মশিউর রহমানের মা মনোয়ারা বেগমকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন ।
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে ২টি মাইক্রোবাসে করে ১৫/১৬ জন বরযাত্রী নিয়ে বগুড়ার সোনাতলা গ্রামের মনোয়ারা বেগম তার পুত্র বর ডা. মো. মশিউর রহমানকে নিয়ে ভৈরবের শিবপুর ইউনিয়নের ফাঁড়ি রঘুনাথপুর গ্রামের সোলেমান খানের কন্যার সঙ্গে বিয়ের জন্য আসেন।
বিয়ে উপলক্ষে কনের বাড়িতে বহুলোকের সমাগম হয়। যা বর্তমান পরিস্থিতি অনুমোদিত নয়। খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের ২০/২৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয় পক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভৈরব থানার ওসি (তদন্ত) মো. বাহালুল খান বাহার জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গণজমায়েতের অপরাধে তাদের উভয় পক্ষকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, সরকারি বিধিনিষেধ অমান্য করে গণজমায়েত করে সংক্রমণ ব্যাধি ছড়ানোর আশঙ্কা তৈরি করায় দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় তাদের দোষী সাব্যস্ত করে এই জরিমানা করা হয়।
