মজা করে ৩৩৩ তে ফোন নারীর, ত্রাণ নিয়ে হাজির ইউএনও

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০৯:০৫ এএম

তিন দিন ধরে না খেয়ে আছে অথচ কেউ ত্রাণ দেয়নি এমন অভিযোগে শুক্রবার দুপুরে স্বাস্থ্য বাতায়ন এর ৩৩৩ নম্বরে ফোন করেন ভাটিয়ারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শাহ আলমের মেয়ে।

ফোন পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উক্ত ঠিকানায় ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে নির্বাহী কর্মকর্তা ত্রাণ নিয়ে হাজির হয়ে স্থানীয় চেয়ারম্যান নাজিম উদ্দিনকে ডেকে ওই মেয়ের পরিবার ত্রাণ পায়নি কেন জিজ্ঞাসা করেন।

চেয়ারম্যান নাজিম উদ্দিন মেয়ের ঠিকানা দেখে তাজ্জব বনে যান। কারণ এই মেয়ের বাবা একজন বড় ব্যবসায়ী যিনি কয়েকশো পরিবারকে সাহায্য দেওয়ার মতো আর্থিক সক্ষমতা রাখেন। তখন চেয়ারম্যান নাজিম উদ্দিন ওই মেয়ের বাবা শাহ আলমকে ফোন করে বিষয়টি জানতে চান।

শাহ আলম নিজেও অবাক হন শুনে। তখন তিনি মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে জানান মজা করার উদ্দেশ্যে ও ফোন করলে আসলে কাজ হয় কিনা দেখার জন্য ফোন করেছিলেন তিনি।

পরে মেয়ের বাবা এ বিষয়টা নিয়ে লজ্জিত ও ক্ষমা চান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, উপজেলায় এত ত্রাণ দেওয়ার পরেও একটি পরিবার তিন দিন ধরে না খেয়ে আছে শুনে আমি খুব হতাশ হই। নির্দেশ পেয়ে সাথে সাথে ত্রাণ নিয়ে রওনা দেই। যাওয়ার পর আর্ও বেশি হতাশ হই। কারণ দেশের এই সংকটের মুহূর্তে এ ধরনের কাজ মোটেও গ্রহণযোগ্য নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত