নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শ্বাসকষ্ট ও ক্যানসারে মারা যাওয়া এক নারীর লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরে শনিবার সকালে পুলিশের উপস্থিতিতে দক্ষিণ খানপুর গ্রামে ওই নারীর (৫০) বাবার বাড়িতে তাকে দাফন করা হয়।
জানা গেছে, মারা যাওয়া ওই নারীর নাম বিবি কুলছুম। প্রায় ১২ বছর আগে তার বাবা রতন মিয়া মারা যান। ছয় মাসের বেশি সময় তিনি শ্বাসকষ্ট ও ফুসফুসের ক্যানসারে ভুগছেন। টাকার অভাবে ছেলেমেয়েরা চিকিৎসা করাতে পারছিলেন না। এরই মধ্যে ১২ মার্চ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর ১৬ মার্চ চিকিৎসকেরা ছাড়পত্র দিয়ে দেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশিদ জানান, দীর্ঘদিন অসুস্থ থাকা নারীর মৃত্যুর পর করোনায় মারা গেছেন বলে মসজিদের মাইকে গুজব ছড়িয়ে লাশ দাফনে বাধা দেওয়া হয়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রাত ১২টার দিকে ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজন ওই গ্রামে পুলিশের গাড়ি ঢুকতেও বাধা দেন। তিনি হ্যান্ড মাইক দিয়ে বুঝিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু গ্রামের লোকজন কথা না শোনায় পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন। শুক্রবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
উদ্ভূত পরিস্থিতি একই গ্রামে নারীর বাবার বাড়ির এলাকার লোকজনকে বুঝিয়ে তাদের কবরস্থানে লাশ দাফনে রাজি করান। রাতভর সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়। পরে আজ সকাল নয়টার দিকে পুলিশের উপস্থিতিতে ওই নারীকে দাফন করা হয়।
