বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ফেইসবুক পেইজের নাম ‘বাংলাদেশ ক্রিকেট : দ্য টাইগারস’। ১ কোটি ২২ লাখের মতো ফলোয়ার ওখানে। মানুষ যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সময়ে সবচেয়ে বেশি সক্রিয় তাই ওটাকেই সচেতনতার হাতিয়ার বানিয়েছে বিসিবি। করোনাভাইরাসের এই ভয়ংকর সময়ে নিজেকে ও অন্যকে বাঁচাতে কিছু নিয়ম মেনে চলা খুব জরুরি। মানে অবশ্য কর্তব্য। বারবার সেটা মনে করিয়ে দিচ্ছে দ্য টাইগার্স পেইজ, ‘সারা বিশ্ব করোনাভাইরাস দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে। যথাসম্ভব ঘরে অবস্থান করুন এবং অতি প্রয়োজনে বাইরে বের হলে স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করুন। বারবার হাত পরিষ্কার করুন। ভিড় ও জনাকীর্ণ এলাকা এড়িয়ে চলুন।’ এর সঙ্গে তাদের পরামর্শ, ‘রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য নির্দেশনা মেনে চলুন এবং সবাইকে সচেতন করুন।’
বাংলা ও ইংরেজিতে এই সময়টায় পোস্টটা শেয়ার দিচ্ছে পেইজটি। স্ট্যাটাসের ভাষা বাংলা ও ইংরেজি। তবে পোস্টের সঙ্গে যে ছবিটা যেটায় ৫টি পয়েন্ট করে দিয়ে অবশ্য কর্তব্যগুলো উল্লেখ তা ইংরেজিতে। এই পেইজের সিংহভাগ মানুষ বাংলা ভাষাভাষী। তাই ইমেজ বা ছবিটাও ইংরেজির পাশাপাশি বাংলায় হলে ভালো হয় মনে করেন অনেক ইউজার।
