করোনা আক্রান্ত মৃত নারীকে গোসল করানো ২ নারী কোয়ারেন্টাইনে

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০৬:০৪ পিএম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রসুলবাগে জ্বর-সর্দি ও শ্বাস কষ্টে আক্রান্ত হয়ে গত ২৯ মার্চ মারা যাওয়া নারীর মরদেহ গোসল করানো দুই নারীকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন।

মৃত্যুর খবর পেয়ে স্বাভাবিক মৃত্যু ভেবে ওই দুই নারী সোনারগাঁয়ের বাড়ি মজলিশ এলাকা থেকে বন্দরের রসুলবাগে গিয়ে মরদেহ গোসল করান। ওই দুই নারী মারা যাওয়া নারীর আত্মীয়।  শ্বাসকষ্টে মারা যাওয়া নারীর নমুনা পরীক্ষার পর তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। 

মৃত্যুর ২ দিন পর মহিলা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন। এ খবর ছড়িয়ে পড়লে  সোনারগাঁয়ের বাড়ি মজলিশ ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা জানান, ঘটনা শুনে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনারগাঁ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে দুই মহিলাকে  হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে, ঘটনাটি কয়েক দিন আগের হওয়ায় এলাকা লক ডাউন করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত