করোনা আতঙ্কের সুযোগে রোহিঙ্গা পাচার, মালয়েশিয়ায় আটক দুই শতাধিক

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০৮:৫১ পিএম

করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেও সাগরপথে মালয়েশিয়া পাড়ি দিচ্ছে রোহিঙ্গারা। দুইশ'রও বেশি মানুষ নিয়ে একটি নৌকা আটক করা হয়েছে মালয়েশিয়ার সাগরপাড়ে। আটককৃতদের রোহিঙ্গা মুসলিম দাবি করছে কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, রোববার মালয়েশিয়ার সময় ভোর ৫ টায় এই ঘটনা ঘটে।

এই মুহূর্তে সবাই যখন করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন ঠিক তখনই মানবপাচারকারীরা এই সুযোগ অবৈধভাবে রোহিঙ্গা মালয়েশিয়ায় নিয়ে আসছে বলে দাবি দেশটির কর্তৃপক্ষের।

মালয়েশিয়ার অভিজাত পর্যটন এলাকা লঙ্কাউইর কাছে একটি রিসোর্টের এক নটিক্যাল মাইলের মধ্যে পাওয়া গেছে এই নৌকাটি। দেশটির নৌবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

২০২ জনের ওই দলে ১৫২ জন পুরুষ, ৪৫ জন নারী ও পাঁচটি শিশু আছে বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, ভোর পাঁচটার দিকে কাঠের একটি নৌকা দেখতে পায় এলাকাবাসী। তখন তাদের একজন ঘটনাটি পুলিশকে জানালে তারা এসে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করে।

কোস্টগার্ড বলছে, এই পুরো গ্রুপটিকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে কারণ তারা অবৈধভাবে মালয়েশিয়ার সীমায় ঢুকেছে।

তবে সেখান থেকে তিনজন পাচারকারী পালিয়েছেন বলছে মালয়েশিয়ায় ঢুকতে চেষ্টা করা দলটি। তাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হবে।

রোহিঙ্গাবাহী এই নৌকাটি কোথা থেকে এসেছে এ বিষয়ে কিছু এখনো কিছু জানায়নি মালয়েশিয়ার কর্তৃপক্ষ।

এর আগে ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগর দিয়ে ১৩০জন যাত্রী নিয়ে সাগর পার হওয়ার চেষ্টা করার সময় ডুবে যায় একটি নৌকা। ওই ঘটনায় মার যান ১৫ জন রোহিঙ্গা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত