তাবলিগ জামাতের মুসল্লির পর নারী স্বাস্থ্য পরিদর্শক করোনায় আক্রান্ত

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০৮:৫৯ পিএম

মানিকগঞ্জের সিঙ্গাইরে তাবলিগ জামাতের মুসল্লি আব্দুল বাকির পর এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী সহকারী স্বাস্থ্য পরিদর্শকের করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

উম্মে কুলসুম (৪৫) নামের ওই নারী স্বাস্থ্য পরিদর্শক ঢাকার মিরপুরের টোলারবাগের বাসিন্দা। তাকে উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে আইসোলোশনে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেকেন্দার আলী মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, উম্মে কুলসুম গত ২৬ মার্চ সর্বশেষ অফিস করেন। অসুস্থতাজনিত কারণে এরপর আর তিনি অফিসে আসেনি।

জ্বর-সর্দি, কাশি দেখা দিলে উম্মে কুলসুম শনিবার আইইডিসিআরে গিয়ে করোনা পরীক্ষা করান। তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হলে তাকে ঢাকার উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের আইসোলোশনে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তার চিকিৎসা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, টোলারবাগের যে বাড়িতে উম্মে কুলসুম থাকতেন সে বাড়িটি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। তার সংস্পর্শে আসা পরিবারের সদস্য ও অন্যান্য লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, এর আগে মানিকগঞ্জের সিঙ্গাইরে তাবলিগে জামায়াত আসা আব্দুল বাকি নামে এক ব্যক্তি করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে আমাদের মানিকগঞ্জ এলাকায় ২ জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে।

এ ব্যাপারে মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামিম বলেন, আমরা রবিবার থেকে ঢাকা- আরিচা মহাসড়কে একাধিক চেক পোস্ট বসিয়েছি। একাধিক স্থানে গতিরোধক করা হয়েছে। খুব জরুরি ছাড়া কোন যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত