কেরানীগঞ্জে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০৯:২০ পিএম

ঢাকার কেরানীগঞ্জে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির নাম মো. গোলাম মোস্তফা (৬৮) ।

তিনি কেরানীগঞ্জ জিনজিরা ইউনিয়নের মডেল টাউন এলাকায় ১ নাম্বার ওয়ার্ডের ৬৮ নম্বর বাড়ির ৯ তলায় নিজ ফ্ল্যাটে বসবাস করেন।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, আক্রান্ত ব্যক্তি অসুস্থ হয়ে গত ২৯ মার্চ জিনজিরা ডায়াগনস্টিক সেন্টারে যান। এর তিন দিন পরে ১ এপ্রিল কেরানীগঞ্জের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নেন। পরে বেশি অসুস্থ হলে সেখান থেকে বারডেম হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার করোনা উপসর্গ দেখা দিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার নমুনা পরীক্ষা করা হয়। এতেই তার করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে চিকিৎসার কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে প্রেরণ করেছি। তার পরিবারকে হোম কোয়ারেইন্টাইনে রেখেছি।

গোলাম মোস্তফার তিন ছেলে ও ১ মেয়ে। ছেলেদের মধ্যে একজন দক্ষিণ কোরিয়া ও অন্যজন সৌদিতে থাকেন। ছোট ছেলে ঢাকার মিরপুরে বসবাস করেন। তবে গত ১ মাসে তার পরিবারের কেউ বিদেশ ফেরত নেই।

এদিকে তার আক্রান্তর ঘটনায় পুরো কেরানীগঞ্জ মডেল টাউন এলাকা লকডাউন করে দিয়েছে প্রশাসন ।

কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল জানান, গত শুক্রবার সে এলাকার মসজিদে নামাজ পরেছে সবার সঙ্গে। তাই সমগ্র এলাকাবাসীর নিরাপত্তার কথা ভেবে আপাতত আজকে থেকে ১৪ দিনের জন্য পুরো মডেল টাউন এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত