ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার প্যানেল মেয়র খাইরুল ইসলামকে মারধর করে ত্রাণের জন্য বরাদ্দ সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইকারী সাইফুল ইসলাম টিপু মল্লিক ও তার সহযোগীদের শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার কাছে স্মারকলিপি পেশ করেন পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু। এ সময় পৌর কাউন্সিলর ফারুক হোসেন, সাকের আলী, শুভংকর বিশ্বাস, তফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, নাসির উদ্দিন, আবু আসাদ রুনু, আনিচুর রহমান লিটন, নার্গিস আক্তার, মমতাজ বেগম ও চম্পা খাতুন উপস্থিত ছিলেন।
তারা অভিযোগ করেন, করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষকে ত্রাণ দেওয়ার জন্য হরিণাকুন্ডু পৌরসভার পক্ষ থেকে সাড়ে ৫ লাখ টাকা বরাদ্দ করা হয়। বৃহস্পতিবার রাতে টাকা নিয়ে পৌরসভায় যাচ্ছিলেন প্যানেল মেয়র খাইরুল ইসলাম। এ সময় হরিণাকুন্ডু পৌর এলাকার সাইফুল ইসলাম টিপু মল্লিক ও কামাল মল্লিকসহ আরও কয়েক জন খাইরুলের ওপর হামলা চালিয়ে মারধর করে ও তার কাছে থাকা সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু বাদী হয়ে কয়েক জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
