নীলফামারীতে ডিবি পুলিশের এসআই পরিচয়ে মোবাইল ছিনতাই করে ধরা পড়েছেন আবেদ আলী (২৮) নামে এক তরুণ।
এ সময় তার থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও ওয়ারলেস, একাধিক মোবাইল সিম এবং বেশকিছু পরিচয়পত্র জব্দ করেছে পুলিশ।
গতকাল রবিবার ভোরে জেলার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে নীলফামারী সদর থানা পুলিশ। আবেদ ওই গ্রামের খয়রাত হোসেনের ছেলে বলে জানান সদর থানার ওসি মমিনুল ইসলাম।
পুলিশ জানায়, শনিবার দুপুরে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে মোকছেদুল ইসলামসহ কয়েক যুবক মোবাইল ফোন সেটে ভিডিও গেম খেলছিল। এ সময় আবেদ আলী নিজেকে সৈয়দপুর থানার ডিবি পুলিশের এসআই পরিচয়ে ওই যুবদের পিস্তলের ভয় দেখিয়ে মোবাইল সেটটি নিয়ে যায়। এ বিষয়ে মোবাইল সেটের মালিক মোকছেদুল ইসলাম সদর থানায় অভিযোগ করেন।
নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে ছিনতাই করার সত্যতা স্বীকার করেছেন আবেদ আলী।
