করোনা সংক্রমণের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন জেলায় শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের জামিনের আবেদন ও মামলার শুনানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর চাইল্ড রাইটস (এসসিএসসিসিআর) রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়। কমিটি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে প্রধান বিচারপতির কাছে সুপারিশ পাঠাবে।
এসসিএসসিসিআর’র চেয়ারম্যান ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী নেতৃত্বে ভিডিও কনফারেন্সে অংশ নেন কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম ও ইউনিসেফের প্রতিনিধিবৃন্দ। তারা সবাই নিজ নিজ বাসা থেকে আলোচনায় অংশ নেন।
বৈঠকের বরাত দিয়ে হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান দেশ রূপান্তরকে জানান, করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদের আইনের যথাযথ প্রয়োগ এর মাধ্যমে কীভাবে সহজে আইনগত সহায়তা দেয়া যায় সে বিষয়ে আলোচনা হয়।
এছাড়া শিশু আদালতে কিভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশুদের জামিনের দরখাস্ত ও মামলা নিষ্পত্তি করা যেতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও বলেন, চলমান করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে যাতে এ ভাইরাস সংক্রমিত হতে না পারে সে জন্য সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে যথাযথ ও কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেয় কমিটি।
