মৌলভীবাজারের রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌওহীদ আহমদ।
সিভিল সার্জন বলেন, ঢাকা থেকে ওভার টেলিফোনে আমাদের নিশ্চিত করা হয়েছে- রাজনগরে মারা যাওয়া ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন। ফলে এই প্রথম মৌলভীবাজার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হলো।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রোকসানা ওয়াহিদ রাহি জানান, ৪ এপ্রিল মারা যাওয়া ব্যক্তি রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামের মো. সেন্চু মিয়া (৪৫) করোনার উপসর্গ নিয়ে মারা যান। উনার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ছিলো কি না সেটা জানার জন্য গতকালই স্যাম্পল কালেকশন করে ঢাকায় পাঠানো হয়।
তিনি মুদি দোকানদার ছিলেন। তবে সম্প্রতি তার কোনো প্রবাসীর সংস্পর্শে যাওয়ার ইতিহাস ছিলো না।
রাজনগর উপজেয়া নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উর্মি রায় জানান, আকুয়া গ্রাম এবং আশপাশের আরও ৪টি গ্রামের কিছু অংশ লকডাউন করা হয়েছে। মৃতদেহ দেখাসহ বিভিন্নভাবে যারা সংস্পর্শে এসেছিলেন তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
