লকডাউনে ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া আরও ৪৪ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বিশেষ ব্যবস্থাপনায়।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা ফিরে আসেন।
ফলে বেনাপোল বন্দর এলাকায় বসবাসরত সাধারণ মানুষের মাঝে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। গত ৪ দিনে এ পর্যন্ত ১৮৫ জন বাংলাদেশে ফিরে এসেছে। আরও বহু বাংলাদেশি বেনাপোল দিয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।
তবে শনিবার সকালে ভারত থেকে ফেরত আসা ৩৫ জনের মধ্যে ৫ জনের শরীরে উচ্চ তাপমাত্রা পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগ তাদেরকে হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখার ব্যবস্থা করেছেন।
ইমিগ্রেশনে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, সোমবার দুপুরে ফেরত আসা ৪৪ যাত্রীকে সতর্কতার সঙ্গে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে বেনাপোলে পৌর কমিউনিটি সেন্টারে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। হোম কোয়ারেন্টাইন শেষে তারা তাদের বাড়ি ফিরে যেতে পারবেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া আরও ৪৪ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে আজ দেশে ফিরেছেন বিশেষ ব্যবস্থাপনায়। সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা ফিরে এসেছেন।
এদিকে বেনাপোলে নতুন করে আজ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের উদ্বোধন করার প্রতিবাদে বাইপাস সড়কে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ মিছিল করেন।
সোমবার দুপুরে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ। সঙ্গে ছিলেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
