করোনা মোকাবিলায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একগুচ্ছ বিশেষ পরামর্শ দিলেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন নোবেলজয়ী অভিজিৎ। উল্লেখ্য করোনা পরিস্থিতি মোকাবিলায় মমতা সরকার গঠিত ‘গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি ইন ওয়েস্ট বেঙ্গল’ নামে বিশেষ বোর্ডের উপদেষ্টা কমিটির নেতৃত্বে রয়েছেন অভিজিৎ।
করোনা মোকাবিলায় নোবেলজয়ী নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ:
*এখন আতঙ্কিত হওয়া চলবে না।
* যে বাজারগুলো খোলা হচ্ছে, সেখানে যাতে সকলে মাস্ক পরেন, তা সুনিশ্চিত করতে হবে।
*বাজারে ঢোকা ও বেরোনোর সময় স্যানিটাইজেশন বা হাত ধোয়ার ব্যবস্থা করা গেলে ভালো হবে।
* স্যানিটাইজার না থাকলেও সাবান-জল দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করলে ভালো।
* মাস্ক না থাকলে, কাপড় দিয়েই মাস্ক বানানো যেতে পারে।
* বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ইট রেখে দিলে ভালো হয়, একটা লক্ষ্মণরেখা থাকলে ভালো। যেমনটা আপনি (মমতা) দেখিয়েছিলেন।
* মানুষের মধ্যে ভয় কাটাতে হবে।
* চোখে-মুখে হাত দেওয়া যাবে না।
* কেউ হয়তো কাশছেন, হয়তো তার করোনা হয়নি, তবুও আগে থেকে রিপোর্ট করা, বা পরীক্ষা করে নিয়ে নিশ্চিত হওয়াটা দরকার। রিপোর্টিং স্ট্রাকচারটা করতে পারলে আগে থেকে অনেকটা সাবধান হওয়া যাবে।
নোবেলজয়ীর পরামর্শ শোনার পর মুখমন্ত্রী মমতা বলেন, বাজারের সামনে হ্যান্ড স্যানিটাইজেশন যাতে করা যায় সেটা আমরা দেখছি। সকলকে বলেছি মাস্ক পরতে, মাস্ক না পেলে কাপড় দিয়েই বানান। সামাজিক দূরত্ব বজায় রাখুন, ভিড় এড়িয়ে চলুন। কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছি আমরা।
