বন্দি বিনিময় ইস্যুতে আফগানিস্তান সরকারের সঙ্গে আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে তালেবান। গতকাল মঙ্গলবার টুইটে ঘোষণা দেন দলের অন্যতম মুখপাত্র সুহাইল শাহিন। তার এই ঘোষণার ফলে সরকারের সঙ্গে বন্দি বিনিময় ইস্যুতে দলটির আলোচনা ভেস্তে যাওয়ায় যুক্তরাষ্ট্র-তালেবান শান্তিচুক্তিও অনিশ্চিত হয়ে পড়ল।
কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র সুহাইল শাহিন বলেন, তার দল কোনো ‘অর্থহীন বৈঠকে’ অংশ নেবে না। তারা একের পর এক নানা অজুহাত তুলে বন্দিদের মুক্তির বিষয়টি বিলম্বিত করছে। তবে আফগান সরকারের দাবি, তালেবান নানা সহিংসতায় জড়িত তাদের ঊর্ধ্বতন কমান্ডারদের মুক্তি চাইছে। এ কমান্ডারদের মুক্তি দিতে নারাজ কাবুল।
শাহিন জানান, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘শান্তিচুক্তিতে স্পষ্ট বলা আছে ৫ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হবে। তারপরই সংলাপ শুরু হবে।’ কিন্তু সরকার বন্দিমুক্তির সঙ্গে শর্ত জুড়ে দিতে চায়। তালেবানের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের চুক্তি অনুযায়ী কোনো শর্তসাপেক্ষে মুক্তির কথা ছিল না। সুহাইল শাহিন বলেন, ‘আমরা কখনো বন্দির শর্তসাপেক্ষে মুক্তির ব্যাপারে রাজি হইনি। যদি কেউ এমনটা দাবি করে তবে তা সেই চুক্তির বিরুদ্ধে কথা বলা হবে।’
