নরসিংদীর পলাশ উপজেলার পর এবার রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়ির আশপাশ এলাকা লকডাউন করা হয়েছে।
করোনা আক্রান্ত ব্যক্তি (৩৯) পলাশতলী ইউনিয়নের শাহপুর এলাকার বাসিন্দা।
তিনি নারায়ণগঞ্জে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস ।
এ নিয়ে এই জেলায় দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এদিকে করোনা মোকাবিলায় কভিড-১৯ এ আক্রান্ত জেলা গাজীপুর, নারায়নগঞ্জ ও কিশোরগঞ্জের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
সীমান্ত এলাকাগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হবে বলেও জানানো হয়।
তবে জরুরি সেবা এ আওতার বাইরে থাকবে।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস বলেন, কয়েকদিন ধর্ওেষুধ কোম্পানির প্রতিনিধি ওই ব্যক্তি জ¦র, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন।
গত ৪ এপ্রিল শনিবার তিনি রায়পুরাতে আসেন। করোনা উপসর্গ দেখা দিলে গতকাল তার নমুনা সংগ্রহ করে আইইআরডিসিতে পাঠায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
পরীক্ষা-নিরীক্ষা শেষে মঙ্গলবার রাতে কভিড-১৯ পজিটিভ পায় আইইআরডিসি।
ইমরুল কায়েস বলেন, আমরা এখন ওই গ্রামটি লকডাউন করে দিয়েছি এবং তাকে আইসোলেশনে পাঠানো হবে। তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এর আগে সোমবার নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকায় আরও একজন করোনা রোগী শনাক্ত হয় এবং গ্রাম লকডাউন করা হয়। তিনিও নারায়ণগঞ্জে চাকরি করেন।
