অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা ফুটবলার জিমি গ্রিভস। তবে সাবেক এই স্ট্রাইকার ঠিক কী রোগে ভুগছেন তা জানা যায়নি।
৮০ বছর বয়সী গ্রিভস ১৯৬৬ সালে ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জেতা দলের সদস্য ছিলেন। জাতীয় দলের জার্সিতে ৫৭টি ম্যাচ খেলে করেছেন ৪৪টি গোল। ক্লাব টটেনহ্যাম হটস্পারের কিংবদন্তি তিনি। ক্লাবটির হয়ে রেকর্ড ২২০টি গোল করেছেন আক্রমণভাগের এই ফুটবলার!
২০১৫ সালে একবার স্ট্রোকে আক্রান্ত হন চেলসি ও ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সাবেক খেলোয়াড় গ্রিভস। তার অসুস্থতা নিয়ে টটেনহ্যাম এক বিবৃতিতে জানিয়েছে, তাদের রেকর্ড গোল স্কোরার গ্রিভস এখন হাসপাতালে চিকিৎসাধীন।
“আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। সময়মতো পরবর্তী তথ্য আমরা জানিয়ে দেব। জিমি ও তার পরিবারের প্রতি ক্লাবের সবাই শুভ কামনা জানিয়েছে।”
গ্রিভসের বিষয়ে বুধবার সকালে পরবর্তী তথ্য জানানো হতে পারে বলে জানিয়েছেন তার বন্ধু ও এজেন্ট টেরি বেকার।
ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি গোল দাতার তালিকায় চতুর্থস্থানে আছেন গ্রিভস। শীর্ষে থাকা তিনজন হলেন- ওয়েন রুনি (৫৩ গোল), ববি চার্লটন (৪৯) ও গ্যারি লিনেকার (৪৮)।
গ্রিভস ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জেতা দলে থাকলেও পুরো টুর্নামেন্ট খেলা হয়নি তার। গ্রুপ পর্বের সময় চোটে পড়ে যান তিনি।
