করোনা রোগী সন্দেহে বৃদ্ধকে গাছে বেঁধে মারধর!

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১২:০৫ পিএম

সত্তরোর্ধ্ব বৃদ্ধের দুই হাতেই স্যালাইনের ক্যানিউলা লাগানো। মাথায় সার্জিক্যাল ক্যাপ, মুখে মাস্ক। ডান হাতটা ফুলে রয়েছে। তাকে দেখতেই শোর পড়ে গেল- ‘করোনা রোগী, করোনা রোগী’।

কেউ লাঠি হাতে তেড়ে গেলেন বৃদ্ধকে তাড়াতে। কেউ আবার বাড়িতে ঢুকে পড়া আটকাতে বন্ধ করে দিলেন দরজা-জানলা! শেষে ক্লান্ত হয়ে মাঝ রাস্তাতেই বসে পড়লেন সেই রোগী।

নির্মমতার এখানেই শেষ নয়, পাড়া খুঁজে দড়ি নিয়ে এসে প্রায় প্রাণশক্তি ফুরিয়ে আসা বৃদ্ধকে বেঁধে রাখা হলো গাছের সঙ্গে। তাকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ।

আনন্দবাজার জানায়, সোমবার সন্ধ্যায় এমনই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে মানিকতলার ১৫ নম্বর বস্তিতে।

দীর্ঘক্ষণ পরে পাড়ারই এক ব্যক্তি চিনতে পারেন বৃদ্ধকে। মানিকতলারই ক্যানাল ইস্ট রোডের পাশের পাড়ায় তার বাড়ি। করোনায় নয়, লিভারের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি।

খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বলেন, এ ধরনের রোগীকে আমাদের ধরাটা ঠিক হবে না। লালবাজারের অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে। সেই অ্যাম্বুলেন্সই যেখানে নেওয়ার নিয়ে যাবে।

জানা গেছে, ততক্ষণ অবশ্য গাছের সঙ্গে বাঁধাই থাকেন বৃদ্ধ। পরে এলাকার এক ব্যক্তি চিনতে পারেন তাকে। বৃদ্ধের পাড়ার লোক তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পরে পুলিশও চলে যায়।

যাকে নিয়ে এমন কাণ্ড তার নাম নারায়ণ চৌরাসিয়া। টালির চালের ঘরে তিনি একাই থাকেন। স্ত্রী-কন্যারা ক্যানাল ইস্ট রোডের কাছেই অন্যত্র থাকেন বহু বছর ধরে।

লিভারের সমস্যায় ভোগা বৃদ্ধকে সম্প্রতি আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছিলেন পাড়ার লোকজনই। খবর পেয়ে তাকে দেখতে গিয়েছিলেন স্ত্রী। সোমবার সকালেই বৃদ্ধকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

বৃদ্ধের মাথার ক্ষত আর দুই হাতে আঘাতের চিহ্ন দেখিয়ে পাড়ার একজন বললেন, ‘আমরা গিয়ে দেখি উনাকে বেঁধে রেখেছে। খুব মেরেছে। এই বৃদ্ধের কথা ছেড়েই দিলাম। কারও যদি করোনা হয়ও, তাকে ধরে কি এভাবে মারা যায়?’

মানিকতলা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে অবশ্যই দেখছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত