কাইফ পুত্রকে ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিলেন শোয়েব আখতার

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৬:৪৬ পিএম

শোয়েব আখতারের গতি সামলাতে বিশ্বের বড় বড় সব ব্যাটসম্যানকেই বেগ পেতে হয়েছে। তবে ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের শিশুপুত্রের অবাক করা মন্তব্য- শোয়েবকে বাউন্ডারি মারা খুবই সহজ!

মঙ্গলবার কাইফ টুইটারে শোয়েবকে নিয়ে তার পুত্রের মন্তব্যের কথা জানান। বুধবার শোয়েব আখতার যার জবাব দিয়ে পাল্টা টুইট করেছেন। পাকিস্তানি পেসার কাইফ পুত্রকে ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ!

করোনাভাইরাসের কারণে সব ধরনের খেলাধুলাই বন্ধ। এমন সময়ে পুরোনো দিনের খেলা সম্প্রচার করা হচ্ছে টেলিভিশনে। মঙ্গলবার ভারত ও পাকিস্তানের মধ্যকার ২০০৩ বিশ্বকাপ ম্যাচটি প্রচার করে স্টার স্পোর্টস। ম্যাচটি কাইফ ও তার ছেলে একসঙ্গে বসে দেখছিলেন। 

সেই ম্যাচে কাইফ ৩৫ রান করেছিলেন। শোয়েবকে মিড উইকেট দিয়ে দারুণ একটি বাউন্ডারিও হাঁকান কাইফ। সেটি দেখেই কাইফ পুত্র কবিরের ওই প্রতিক্রিয়া।

টুইটারে যার ভিডিও পোস্ট করে কাইফ লিখেন, ‘অবশেষে কবির ঐতিহাসিক ভারত-পাকিস্তান ম্যাচ দেখল। কিন্তু জুনিয়র তো পাপার খেলা দেখে মোটেই আহ্লাদিত হয়নি। বলেছে, শোয়েবকে খেলা কোনো ব্যাপারই নয়। কারণ শোয়েবের বলে পেস আছে। সেই গতিকে কাজে লাগানো সহজ।’

শোয়ের সেই টুইটের উত্তরে লিখেছেন, ‘তা হলে কবির আর মাইকেল আলি আখতারের ম্যাচ হয়ে যাক? পেস নিয়ে ওর প্রশ্নের জবাব পেয়ে যাবে। আমার ভালোবাসা দিও।’

মাইকেল আলি আখতার শোয়েবের ছেলে। অর্থাৎ পাকিস্তানি তারকা মজা করে নিজের ছেলের সঙ্গে খেলার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কাইফ পুত্র কবিরকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত