করোনা নিয়ে শি চিনপিংয়ের সমালোচনা করে বিপাকে চীনা ধনকুবের

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৭:২৮ পিএম

করোনাভাইরাস নিয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সমালোচনা করে বিপাকে পড়েছেন দেশটির ধনকুবের ব্যবসায়ী রেন শিচ্যাং। তার বিরুদ্ধে শৃঙ্খলা ও আইনভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ৬৯ বছর বয়সী রেন রাষ্ট্রীয় মালিকানাধীন রিয়েল স্টেট গ্রুপ বেইজিং হুয়াইউয়েনের সাবেক চেয়ারম্যান।

মার্চে করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ে চীনা প্রেসিডেন্ট চিনপিংয়ের তীব্র সমালোচনা করেন তিনি। এরপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

মঙ্গলবার বেইজিং কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন ঘোষণা দেয়, শৃঙ্খলা ও আইনভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

সম্প্রতি বছরগুলোতে চীন সরকারের অন্যতম সমালোচক হিসেবে পরিচিত হয়ে উঠেন রেন।

ক্ষমতাসীন কমিউনিস্ট সরকারের সমালোচনা করে প্রকাশিত তার একটি প্রবন্ধ অনলাইন থেকে মুছে ফেলা হয়েছে। যদিও বাইরের দুনিয়ায় সেটি ছড়িয়ে পড়ে। 

এতে তিনি লেখেন, ‘এই করোনা প্রাদুর্ভাব প্রকাশ করে দিয়েছে কমিউনিস্ট পার্টি এবং তার সরকারের কর্মকর্তারা নিজেদের স্বার্থ রক্ষাকেই গুরুত্ব দিয়েছে। সরকার প্রধানও তাদের স্বার্থ ও অবস্থানকে সুরক্ষা দিয়েছে।’

কয়েক দশক ধরে কমিউনিস্ট পার্টির সদস্য তিনি। চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে উইবোতে তিনি বেশ জনপ্রিয়। ১০ লাখের বেশি মানুষ তাকে ফলো করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত