করোনাভাইরাসের কারণে অন্যান্য খেলাধুলার মতো স্থগিত ক্রিকেটও। সবাই হোম কোয়ারেন্টাইনে। এরমধ্যেও ফিটনেস পরীক্ষায় মুখোমুখি হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেটারদের। ভিডিওতে তাদের ফিটনেস পরীক্ষা নেবে উদ্যোগ দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি।
ভিডিও লিঙ্কের মাধ্যমে ২০ ও ২১ এপ্রিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নেবে পিসিবি। এ জন্য জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের ২০০ জন খেলোয়াড়দের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
চলতি সপ্তাহের শুরুর দিকে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখার বাধ্যবাধকতা নিয়ে খেলোয়াড়দের বার্তা দিয়েছিলেন পাকিস্তান দলের কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক ও ট্রেইনার ইয়াসির মালিক।
করোনাভাইরাসের কারণে গত ১৫ মার্চ থেকে পাকিস্তানে বন্ধ সব ধরনের ক্রিকেট। ডন জানিয়েছে, পাকিস্তানে এখন পর্যন্ত কভিড-১৯ আক্রান্ত রোগী প্রায় ৪ হাজার তিনশো। মৃতের সংখ্যা ৬৩।
