করোনায় মারা গেলেন বিখ্যাত অভিনেতা অ্যালেন গারফিল্ড

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১২:১২ পিএম

হলিউড অভিনেতা অ্যালেন গারফিল্ডের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। ১৯৭০ এর দশকের জনপ্রিয় এ তারকা সংক্রমণের শিকার হয়ে মারা গেছেন, তার বয়স হয়েছিল ৮০ বছর।

কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি হন গারফিল্ড। সেখানেই বুধবার তার মৃত্যু হয়। খবরটি নিশ্চিত করেন অভিনেতার বোন লোউস গুরউইজ।

তিনি জানান, গারফিল্ড মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন কান্ট্রি হাউস অ্যান্ড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

অ্যালেন গারফিল্ডের ফিল্মি ক্যারিয়ারে ‘ন্যাশভিল’, ‘দ্যা স্টান্ট ম্যান’-এর মতো একাধিক হলিউড ক্লাসিক ছবি রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অভিনেতার সহকর্মী রনি ব্লেকেলি লেখেন, “অ্যালেন গারফিল্ডের আত্মার শান্তি কামনা করি। একজন অসাধারণ অভিনেতা, যিনি ‘ন্যাশভিল’ ছবিতে আমার স্বামীর চরিত্রে অভিনয় করেন। মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। ওর পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল।”

অভিনয় জীবনে পা রাখার আগে গারফিল্ড বক্সার হিসেবে খেলেছেন। শুধু তাই নয়, ক্রীড়া সাংবাদিক হিসেবেও কাজ করেছেন অ্যালেন গারফিল্ড। নিউ ইয়র্কের অ্যাক্টর স্টুডিওতে অভিনয় নিয়ে পড়াশোনা করেন তিনি। পরবর্তীকালে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নেন। ১৯৬৮ সালে ‘অর্গি গার্লস ৬৯’ ছবির মাধ্যমে সিনেমার দুনিয়ায় পা রাখেন অ্যালেন গারফিল্ড।

ফ্রান্সিস ফোর্ড কপোলা (দ্যা কনভারসেশন), উডি অ্যালেন (বানানাজ)-এর মতো একাধিক জনপ্রিয় পরিচালকের ছবিতে অভিনয় করেছেন গারফিল্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত