টাঙ্গাইলের সখীপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক স্কুলশিক্ষকের (৫০) মৃত্যু হয়েছে। বুধবার রাতে তার মৃত্যু হয়।
করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
মারা যাওয়া ব্যক্তিটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মারা যাওয়া ওই শিক্ষকের আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। দু-তিন দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। এরপর তার শ্বাসকষ্ট আরও বেড়ে গিয়েছিল। এ অবস্থায় বুধবার রাত ১০টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে রাতেই ইউপি চেয়ারম্যান ও সখীপুর থানার পুলিশসদস্যরা ওই বাড়িতে যান।
সতর্কতার অংশ হিসেবে ওই বাড়ির সব লোকজনকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, উপসর্গ থেকে ওই শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে সন্দেহ করছেন এলাকার লোকজন। বিষয়টি নিশ্চিত হতে মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার জন্য নমুনা ঢাকার আইইসিডিআরে পাঠানো হয়েছে।
