জ্বর ও শ্বাসকষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু, ৪ বাড়ি লকডাউন

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১১:২১ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে করোনাভাইরাসের উপসর্গ (জ্বর, শ্বাসকষ্ট) নিয়ে মাওলানা ছালেহ আহাম্মদ (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ছালেহ আহাম্মদ উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় সুফিয়া দারুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসার আরবি বিষয়ের সহকারী শিক্ষক।

মাওলানা ছালেহ আহাম্মদের মৃত্যুর পর তার বাড়িসহ আশেপাশের চারটি বাড়ি উপজেলা প্রশাসন লকডাউন করে দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু তাহের জানান, ওই শিক্ষক তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন। বুধবার জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান।

তিনি  আরো বলেন, মৃত শিক্ষকের শরীরে করোনার উপসর্গ (জ্বর ও শ্বাসকষ্ট) থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়েছে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল আবছার জানান, এ ঘটনায় মৃত ওই শিক্ষকের বাড়িসহ চারটি বাড়ি লকডাউন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত