করোনা পরিস্থিতিতে সন্তানদের নিয়ে সাবেক স্ত্রী ডেমি মুরের সঙ্গে কোয়ারেন্টাইনে আছেন ব্রুস উইলিস। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি চাউর করেছেন তারাই। হলিউডের সাবেক এই জুটির কাণ্ড নিয়ে বেশ চর্চা হচ্ছে।
বিতর্কের আগুনে ঘি না ঢেলে বরং স্বামীর পক্ষে দাঁড়ালেন অভিনেতার বর্তমান স্ত্রী এমা হ্যামিং উইলিস।
মঙ্গলবার ইনস্টাগ্রামে ডেমি মুর একটি পারিবারিক ছবি শেয়ার করেন। সেখানেই উইলিস, তাদের দুই মেয়েসহ কয়েকজনকে সবুজ ডোরাকাটা পোশাকে দেখা যায়।
ওই ছবিতে মুর ক্যাপশন দেন ‘ফ্যামিলি বন্ডিং’। মন্তব্যের ঘরে হ্যামিং জানান, এই ভালোবাসা মিস করছেন।
উইলিস (৬৫) ও মুর (৫৭) তিন মেয়ে রুমার (৩১), স্কট (২৮) ও তাল্লুলাহর (২৬) মা-বাবা। কোয়ারেন্টাইনে কারণে তারা আবার এক হয়েছেন। তবে বাবার সঙ্গে এক ফ্রেমে দেখা না দিলেও মুরের অন্য ছবিতে রুমারকে দেখা গেছে।
এর আগেও তাল্লুলাহ’র পোস্ট করা ছবিতে মন্তব্যের ঘরে সবার ম্যাচিং পোশাকের প্রশংসা করেন হ্যামিং।
মুর ও উইলিস ১৯৮৭ সালে বিয়ে করেন, ছাড়াছাড়ি হয় ২০০০ সালে। এই বিষয়ে নিজে স্মৃতিকথা ‘ইনসাইড আউট’-এ বিস্তারিত লিখেছেন নায়িকা। তার মতে, বলার মতো মজার বিষয় এটি, কিন্তু এই ডিভোর্স নিয়ে তিনি গর্বিত।
ছাড়াছাড়ির পর থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজার রেখেছেন দুই তারকা। পরে উইলিস বিয়ে করেন এমা হ্যামিংকে (৪১)। তাদের রয়েছে দুই মেয়ে ম্যাবেল রে (৮) ও ইভেলিন পেন (৫)। ডেমি মুর বিয়ে করেন বয়সে ১৫ বছরের ছোট অভিনেতা অ্যাস্টন কুচারকে। গর্ভাবস্থায় তাদের এক সন্তান মারা যায়। এরপর ২০১২ সালে তাদের ডিভোর্স হয়।
