নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এক ইতালিপ্রবাসীর মৃত্যু হয়েছে।
গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার সকালে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
পরে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার বাড়িসহ দুটি বাড়ি লকডাউন ঘোষণা করে প্রশাসন।
পরিবার সূত্রে জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইতালিতে ছিলেন। সম্প্রতি দেশে ফেরেন। তিনি বেশ কয়েক দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার বিকেলে তার অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি ঘটে। ফলে বৃহস্পতিবার সকালে তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের সহকারী তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ওই ইতালিপ্রবাসীর প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল। তার ফুসফুস ঠিকভাবে কাজ করছিল না। এ জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল।
জেলা সিভিল সার্জন মো. মোমিনুর রহমান বলেন, ইতালিপ্রবাসীর মৃত্যুর খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন গিয়েছিলেন। তারা নমুনা সংগ্রহ করে এনেছেন। পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এলে লাশ ঢাকায় দাফন করা হবে। আর নেগেটিভ এলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সামাদ বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে তারা ইতালিপ্রবাসীর বাড়িসহ দুটি বাড়ি লকডাউন করেছেন। বাড়ি দুটিতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে।
