করোনা ঝুঁকি বাড়িয়েছে ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরতরা

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ০৭:৪৫ পিএম

করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত বিভিন্ন পেশার লোকজন টাঙ্গাইলের মির্জাপুরে সবার জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহের দুই-তিন দিনে জরুরি পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, কিংবা ভাড়ায় চালিত মোটরসাইকেল বা অন্য কোনো পরিবহনে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে অন্তত ২০/২৫ জন লোক মির্জাপুরে নিজস্ব বাড়িতে ফিরেছেন। 

তাদের বাড়ি উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে। 

রবিবার নারায়ণগঞ্জের বেসরকারি পলি ক্লিনিকের সিনিয়র ওটি বয় জ্বর সর্দি ও কাশি উপসর্গ নিয়ে উপজেলার ভাওড়া ইউনিয়নের বৈরাগী ভাওড়া গ্রামের বাড়িতে আসেন। সোমবার প্রশাসন তার নমুনা সংগ্রহ করেন। মঙ্গলবার তার করোনা পজিটিভ হওয়ার পর রাতেই তাকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয় এবং ওই বাড়িসহ আশপাশের ৩৫-৪০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। 

করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি এলাকায় জানাজানি হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ছাড়া গত সপ্তাহে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে বিভিন্ন পেশার মানুষ কৌশলে বাড়ি চলে আসায় আতঙ্ক আরো বেড়েছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। 

এতে মির্জাপুর ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্থানীয় লোকজন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘সব যানবাহন বন্ধ থাকলেও নানাভাবে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে লোকজন আসছেন। কেউ একা, কেউ সপরিবারে। ফলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে মির্জাপুর।’ 

তিনি প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনকে সচেতন থাকার পরামর্শ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মালেক বলেন, ‘নানা কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে কিছু লোক এসেছেন। তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে। এ ছাড়া তাদের সংস্পর্শে কাউকে না যাওয়ার জন্যও সবাইকে বলা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত