লক্ষ্মীপুরের রামগঞ্জ ও কমলনগর উপজেলায় দুই ব্যক্তির মৃত্যুতে করোনাভাইরাস সন্দেহে ৯টি বাড়ি লকডাউন করা হয়েছে।
শুক্রবার রাত ১১টায় কমলনগর উপজেলার চরফলকন গ্রামের ৫৫বছর বয়সী এক ব্যক্তি মারা যান।
এ ঘটনায় কমলনগর উপজেলার চরফলকন গ্রামে মৃতের বাড়িসহ ৩টি বাড়ি লকডাউনে রাখা হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে জ্বর-ডায়রিয়া আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাত ১টায় মারা যান জেলার রামগঞ্জ উপজেলার শেফালীপাড়া গ্রামের দর্জি বাড়ির দুই সন্তানের জনক জামাল খাঁন(৩৫)।
এ ঘটনায় মৃতের বাড়ির আশপাশের ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে।
কমলনগর উপজেলার আবাসিক মেডিকেল অফিসার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত দুদিন থেকে ওই ব্যক্তি অসুস্থ ছিলেন। হঠাৎ করে রাতে বাড়িতে মারা যান । করোনা উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ৩টি বাড়িকে লকডাউনে রাখা হয়েছে বলে জানান তিনি।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রওশন জামিল জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে করোনা উপসর্গের নমুনা সংগ্রহ করেছি। আপাতত ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। রিপোর্ট আসার পর বলা যাবে কি কারণে তিনি মারা গেছেন।
