বাগেরহাটে করোনা উপসর্গ নিয়ে শিশু নারীসহ ৬ জন আইসোলেশনে

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৩:৪৮ পিএম

বাগেরহাটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আসা নারী-শিশুসহ ছয়জনকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করেছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার দুটি গ্রাম থেকে এদের এনে ভর্তি করে স্বাস্থ্য বিভাগ।

এদের মধ্যে একই পরিবারের রয়েছেন পাঁচজন। এই পাঁচজন সম্প্রতি ঢাকা থেকে বাগেরহাটে ফেরেন। এদের সবার শরীরে করোনার উপসর্গ জ¦র, সর্দি ও কাশি রয়েছে।

এছাড়া বাগেরহাট সদর হাসপাতালের এক চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় তাকে ছুটি দিয়ে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বেলফার হোসেন শনিবার দুপুরে এই প্রতিবেদককে বলেন,  বাগেরহাট সদর উপজেলার একটি গ্রামে সম্প্রতি ঢাকা থেকে ফেরা একই পরিবারের শিশু নারীসহ পাঁচজন বাড়িতে অসুস্থ খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম সেখানে যায়।

সেখানে গিয়ে তাদের শরীরে করোনার উপসর্গ দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে এসে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে।

এছাড়া সদরের আরেকটি গ্রাম থেকে একই উপসর্গ নিয়ে একজনকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও একজন শিশু রয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া আমাদের এক সহকর্মীর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় তাকে ছুটি দিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। একই পরিবারের পাঁচজনের স্যাম্পল রবিবার সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পরীক্ষার জন্য পাঠানো হবে। এর আগে গত শুক্রবার চিকিৎসকসহ মোট ছয়জনের সংগ্রহ করা স্যাম্পল আজ শনিবার পাঠানো হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে গত এক মাসে বাগেরহাট সদর ও শরণখোলায় করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে আটজনকে আইসোলেশনে নেয় স্বাস্থ্য বিভাগ। এদের কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পায়নি আইইডিসিআর। এরা সবাই সুস্থ হয়ে বাড়িতে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত