গোপালগঞ্জের মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদসহ ৩৫ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।
মুকসুদপুর থানায় কর্মরত এক পুলিশ সদস্যের করোনা পজিটিভ হওয়ায় শনিবার তাদেরকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। তবে, ওসি মির্জা আবুল কালাম আজাদ হোম কোয়ারেন্টিনে থেকেই দায়িত্ব পালন করছেন।
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মো. আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. আসলাম খান জানান, এ পরিস্থিতিতে গোপালগঞ্জ পুলিশ লাইনস থেকে জনবল পাঠিয়ে থানার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আগে পুরো থানা কম্পাউন্ডে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
তিনি আরও জানান, মুকসুদপুর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মহিউদ্দিন গত ৬ এপ্রিল জ্বর নিয়ে ছুটিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বীরবাশাইল গ্রামের বাড়িতে যান। পরে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পরীক্ষার জন্য পাঠানো হলে করোনা পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে ওই পুলিশ সদস্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী জানিয়েছেন, ৩৫ পুলিশ সদস্যের মধ্যে ওসিসহ ৭ জনকে থানা কম্পাউন্ডের একটি ভবনে হোম কোয়ারেন্টিনে এবং বাকি ২৮ জনকে মুকসুদপুর সরকারি কলেজের একটি ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, ওই পুলিশ সদস্যের সঙ্গে সরাসরি যে সব পুলিশ সদস্য কাজ করেছেন এমন ১২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।
