চিকিৎসককে ‘লাঞ্ছিত’ করলেন চেয়ারম্যানের ভাই-ছেলে-ভাগনে

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ০৬:২৮ পিএম

সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় উপজেলা চেয়ারম্যানের আত্মীয়রা এক চিকিৎসককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দিরাই থানায় জিডি করেন ওই চিকিৎসক।

ওই চিকিৎসক ফেইসবুকে লাঞ্ছিত হওয়ায় ঘটনা নিয়ে ফেইসবুকে পোস্ট দিলে সেটি মুহূর্তে ভাইরাল হয়।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক স্বপন সরকার জানান, তিনি রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে রাজীব নামে একজন লোক এসে জানান, তিনি দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যানের ভাগনে এবং তার সঙ্গে চেয়ারম্যানের বাড়িতে যেতে হবে।

ফেইসবুক থেকে জানা যায়, স্বপন সরকার তখন ওই ব্যক্তিকে জানান, তিনি জরুরি বিভাগে একা আছেন তাই যেতে পারবেন না। কিন্তু ওই ব্যক্তি তখন রেগে সেখান থেকে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর আরো কয়েকজন লোক সেখানে এসে স্বপন সরকারকে গালিগালাজ করতে থাকেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যানের ছেলে ও এক ভাই ছিলেন। তখন ওই কক্ষের চেয়ার লাথি মেরে ফেলে দেওয়া হয়। চিকিৎসক, নার্সদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই ব্যক্তিরা। একপর্যায়ে চিকিৎসককে রাস্তায় ফেলে পেটানোর হুমকি দেওয়া হয়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান এসে পরিস্থিতি শান্ত করেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সৈকত দাস বলেন, এ সংকটময় মুহূর্তে স্বাস্থ্যসেবায় যুক্ত থাকা কোনো চিকিৎসক যদি এমন অসৌজন্যমূলক আচরণের শিকার হন সেটি তো মেনে নেওয়া যায় না। এখন তো জনপ্রতিনিধিসহ সবার উচিত চিকিৎসকদের সহযোগিতায় এগিয়ে আসা। এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নিতে হবে।

এ ব্যাপারে কথা বলার জন্য দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম চৌধুরী এবং তার ভাই আবুল কাশেম চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগ করলে দুটো ফোনই বন্ধ পাওয়া যায়।

দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আমাদের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে যে চিকিৎসকের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত