করোনাভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা মানতে ইচ্ছুক নন এক মার্কিন ধর্ম যাজক। লুইসিয়ানায় জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আনা হলে তার বিরোধিতা করেছেন তিনি।
হাফিংটন পোস্ট জানায়, টনি স্পেল নামে এই খ্রিস্টান যাজক স্থানীয় লাইফ টেবারনাকল চার্চের যাজক। তিনি বলেন, একজন প্রকৃত খ্রিস্টান গির্জায় এসে করোনাভাইরাসে আক্রান্ত হলে মরতে ভয় পায় না।
কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে তিনি গির্জার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। সেই সঙ্গে গির্জায় আসতে মানুষকে আহ্বান করছিলেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনেন লুইসিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জন বেল এডওয়ার্ড।
বুধবারে এক সাক্ষাৎকারে যাজক টনি স্পেল বলেন, ‘শরীর থেকে আলাদা হয়ে প্রভুর সামনে উপস্থিত হতেই বাইবেল আমাদের শিক্ষা দেয়। একজন খাঁটি ধার্মিক মৃত্যুকে বন্ধুর মতো দেখে। একজন প্রকৃত খ্রিস্টান কখনো মৃত্যুকে ভয় পায় না।’
গত সপ্তাহে এক খ্রিস্টীয় ধর্মীয় অনুষ্ঠানে কয়েকশ মানুষ ভিড় করে টনি স্পেলের গির্জায়। এতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
টনি স্পেলের বিরুদ্ধে আনা অভিযোগের কারণে ৫০০ ডলার জরিমানাসহ অন্তত ছয় মাসের জেল হতে পারে তার।
প্রসঙ্গত, লুইসিয়ানায় ১৭ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৬৫২ জন। ৩০ এপ্রিল পর্যন্ত মার্কিন অঙ্গরাজ্যটির বাসিন্দাদের ঘরে থাকার জন্য নির্দেশনা জারি করেছে স্থানীয় প্রশাসন।
