চট্টগ্রাম ও লক্ষ্মীপুর জেলায় শিশুসহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৪ এবং লক্ষ্মীপুরে ২ জন।
রবিবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) মোট ৯৬ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় নতুন করে আরও পাঁচজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এছাড়া লক্ষ্মীপুর জেলার এক ব্যক্তির নমুনায়ও করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
নতুন যে ছয়জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে তারা সবাই পুরুষ উল্লেখ করে ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে পাঁচ আক্রান্তের মধ্যে নগরীর একজন রয়েছে যার বয়স ৬৫। অপরজনের বয়স ৪৫ এবং সাতকানিয়ায় আক্রান্ত দুজনের মধ্যে একজনের বয়স ৩২ অপরজনের ১৯। অন্যদিকে, উপজেলার পটিয়ায় আক্রান্ত একজন শিশু রয়েছে তার বয়স ৬ বছর। জেলার বাইরে লক্ষ্মীপুরে ৫২ বছর বয়সী এক ব্যক্তির পজিটিভ পাওয়া গেছে। এ ছাড়া করোনা শনাক্ত হওয়া পুরোনো এক রোগীর আবারও পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে।
চট্টগ্রামের বিআইটিআইডিতে এ নিয়ে ৬৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে ১৬জন পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম জেলার ১৪ জন আর দুজন লক্ষ্মীপুরের।
