করোনা: গৃহহীনদের ফ্রি হোটেলে রাখছে জাপান সরকার

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০২:১০ পিএম

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় জাপানে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

জানুয়ারির মাঝামাঝি জাপানে প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়। এরপরই দেশের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শিনজো আবে।

শুরুতে নিয়ন্ত্রণে রাখতে পারলেও এখন হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গত সপ্তাহে রাজধানী টোকিওসহ কানাগাওয়া, সাইতামা, চিবা, ওসাকা, হোয়গো ও ফুকওকা অঞ্চল ও শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এতে সবচেয়ে বেশি সংকটে পড়েছে অসহায় ও গৃহহীন মানুষ।

তবে ভাসমান মানুষদের কথা চিন্তা করে কার্যকরী পদক্ষেপ নিয়েছে শিনজো সরকার। অন্তত চার হাজার গৃহহীন মানুষের দায়িত্ব নিচ্ছে কর্তৃপক্ষ।

এসব মানুষের জন্য অস্থায়ীভাবে খুলে দেয়া হয়েছে ইন্টারনেট ক্যাফে, খেলাধুলার জায়গাগুলো। অনেক জায়গায় দেয়া হচ্ছে হোটেলের রুম।

এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান মতে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৭০ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ১২৩ জন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত