দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮২

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০২:৩৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন করোনাভাইরাসে (কভিড-১৯) মারা গেছেন। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৮২ জন।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৮০৩ জন।

সোমবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ হালনাগাদ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত তিনজন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এ নিয়ে মোট ৪২ জন করোনামুক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আরও ৮৪ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯৯ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মোট ৪৩৭ জন আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আরও ৪৮৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বর্তমানে ২ হাজার ১৮৯ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য আরও ৪৮৮টি প্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। এসব প্রতিষ্ঠানে ২৬ হাজার ৩৫২ জনকে কোয়ারেন্টাইন সেবা দেওয়া সম্ভব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত