ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে পালিয়ে আসা ১১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে কমলগঞ্জ উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার বাড়ি বাড়ি গিয়ে তালিকা অনুযায়ী তাদেরকে হোমকোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশ দিয়েছেন। অন্যথায় আইনের আওতায় আনা হবে বলে তাদের অভিভাবকদের জানান।
জানা যায়, গত এ সপ্তাহে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকা থেকে ১১৬ জন ব্যক্তি কমলগঞ্জে ফিরেছেন।
এলাকায় এসে প্রকাশ্যে ঘোরাফেরা করায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। অভিযোগ পেয়ে কমলগঞ্জ উপজেলা প্রশাসন তৎপর হয়ে উঠে। করোনা আক্রান্ত এলাকা ফেরতদের তালিকা করে রবিবার হতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তালিকা অনুযায়ী মাঠে নামেন উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক। ছুটে যান আলীনগর ইউনিয়নের সুনছড়া চা বাগান, শমসেরনগর, মাধবপুর ও ইসলামপুর ইউনিয়নে। বাড়ি বাড়ি গিয়ে অভিভাবক ও ফেরতদের ১৪ দিন ঘরে থাকতে বলেন এবং করোনাভাইরাস প্রতিরোধে সচেতন হ্ওয়ার আহ্বান জানান।
সোমবারও অনেকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রত্যেকের বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইন ভঙ্গ করলে আইনের আওতায় আনা হবে বলে অভিভাবকদের জানান তিনি। তাছাড়া তিনি পুলিশ প্রশাসনকেও নজরদারি বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক দেশ রূপান্তরকে জানান, বিভিন্ন গ্রামে ফেরত আসা লোকজনকে তালিকা করে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। আতঙ্কিত হবার কিছু নেই।
